সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু, ৩ লাখ টাকা জরিমানা মুছাপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা ফুলবাড়ীতে স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী কুড়িগ্রাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু, ৩ লাখ টাকা জরিমানা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় যখন তদন্ত চলছে, ঠিক সেই সময় হাসপাতালটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে হাসপাতালটিকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা দীর্ঘ সময় ধরে পরিদর্শন করা হয়েছে। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ অনিয়ম ধরা পড়ে।

তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংক ছাড়া অন্যান্য ওয়ার্ডে ব্যবহৃত রেফ্রিজারেটরগুলোতে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ বা মনিটরিং মিটার পাওয়া যায়নি। শুধুমাত্র কিছু চেম্বারে মিটার ছিল।

চিকিৎসা প্রতিষ্ঠানে ওষুধ, খাদ্য ও বিভিন্ন সংবেদনশীল উপকরণ সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ম্যাজিস্ট্রেট আরও জানান, হাসপাতালের কয়েকটি অংশে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। এছাড়া খাদ্যসামগ্রী সংরক্ষণের একটি স্থানে পণ্যের লেবেলিংয়ে ত্রুটি এবং পরিবেশগত মানের ঘাটতি পাওয়া যায়।

তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

এদিকে হাসপাতালটিতে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি ও অশোভন আচরণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি বলেন, যা ঘটেছে, তা কোনোভাবেই ঠিক হয়নি। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। বিষয়টি তদন্ত করা হয়েছে এবং যারা অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, হাসপাতালটি নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং সেবার মান বজায় রাখতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

ছয় নবজাতকের মৃত্যু নিয়ে তদন্ত চলমান

গত বুধবার আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারি-পরবর্তী (পোস্ট-অপারেটিভ) ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে।

ঘটনার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষের পরিবেশ ও অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকার বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা

অন্যদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পুলিশও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ, দায়-দায়িত্ব এবং সম্ভাব্য অবহেলার বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নবজাতকদের একজনের বাবা রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগ, চলমান তদন্ত এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়া অনিয়ম, সব মিলিয়ে আদ্-দ্বীন হাসপাতাল এখন জনমত ও প্রশাসনিক নজরদারির কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..