তানজিনা আক্তার লিপি: নারায়ণগঞ্জ জেলার বন্দরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ান বাড়িতে ১০ আগস্ট সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শর্ট সার্কিট থেকে লিটন দেওয়ানের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পাশাপাশি থাকা ৩ টি রুমসহ ভেতরে থাকা সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়ির মাঝখানের রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে ৩ টি ঘরে (লিটন দেওয়ান, বাদল দেওয়ান ও চম্পা বেগমের বসত ঘর) ছড়িয়ে পড়ে এবং সম্পর্ন পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে অগ্নিকাণ্ডের স্থান থেকে আমরা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই।
আপনার মন্তব্য প্রদান করুন...