মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-কক্সবাজার বিমানের তিনটি টিকিট ও তিন রাতের হোটেলের কক্ষ বুকিং অথবা ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।
৩০ জুন মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনলাইন পোর্টাল অপরাধ বিচিত্রার সাংবাদিক শাহিন মিয়ার বিরুদ্ধে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও তিনি কথিত এক সাংবাদিকের চাঁদাবাজির শিকার হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, অনলাইন পোর্টাল অপরাধ বিচিত্রা’র পরিচয়ে শাহিন মিয়া নামের এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য বিমানের তিনটি টিকিট এবং পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি করেন। তাতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম রাজী না হলে পরে ৫০ হাজার টাকা দাবি করেন শাহিন মিয়া। একপর্যায়ে দাবিকৃত টাকা না দিলে সংবাদ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারকে হেয় করার হুমকি দেয় শাহিন মিয়া। পরে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও একই ধরণের হুমকি দেওয়া হয়।
তিনি আরো বলেন, দাবিকৃত টাকা না দেওয়ায় শাহিন মিয়া রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেনের যোগসাজশে তাকে জড়িয়ে জমি নিবন্ধনের এক শতাংশ তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়। জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল থেকে বরাদ্দকৃত টাকা ব্যয় করার ক্ষমতা উপজেলা নির্বাহী অফিসারের নেই। উপজেলা প্রকৌশল বিভাগের এস্টিমেটে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বরাদ্দকৃত অর্থ অনুমোদিত প্রকল্পে ব্যয় করেন।
পরবর্তীতে সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান প্রকল্পের হিসাব-নিকাশ, লেনদেন এবং সামগ্রিক কার্যক্রম নিয়মানুগ ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য নিরীক্ষা করেন। কাজেই কোন প্রকার অনিয়ম, দুর্নীতি ও আত্মসাতের সুযোগ ইউএনও, উপজেলা প্রকৌশলী কিংবা উপজেলা পরিষদের নেই।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য; জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে। যা প্রকল্পের তথ্য নিয়মিতভাবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...