সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুট-আহত-৪

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে ও তার গাড়ির গ্যারেজে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

১৯ এপ্রিল শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। উক্ত হামলায় রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, চাকু সহ বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

সন্ত্রাসীরা ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯), রফিক মিয়া (২২) ও তার বড় বোন আলেয়া আক্তারকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ সময় হামলাকারীরা গাড়ির গ্যারেজে ও বসত বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আকাশের বড় বোন আলেয়া আক্তার বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..