শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার বন্দরে যুবদল নেতার উদ্যোগে আবুল কাউসার আশার সুস্থতা কামনায় দোয়া রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎

রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৮ জুন বৃহস্পতিবার কুড়িগ্রাম রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেককে বিকল্প পরিবহনের খোঁজে ছুটতে হয়েছে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে।
বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেনটি কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে মুহূর্তেই দেখা দেয় বিভ্রান্তি ও ভোগান্তি। জরুরি কাজে ঢাকাগামী অনেক যাত্রী পড়েন চরম বিপাকে।

ঢাকাগামী যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, “যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।”

রেললাইন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। আকস্মিক এই পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল আরও বেশি।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।”

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে রেললাইন থেকে ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে একটি ট্রাক দুর্ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত রেলপথ সচল করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হোক, যাতে দুর্ভোগের অবসান ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..