বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর এলাকার জাকিরের ছেলে, ধনিয়া কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শুভ ও তাঁর ছোট ভাই ছাত্রলীগকর্মী শিমুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ও কারাভোগের পর সম্প্রতি তাঁরা এলাকায় ফিরে এসে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াচর এলাকার বাসিন্দা জাকিরের ছেলে শুভ ও তাঁর ছোট ভাই শিমুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বাবা জাকিরও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় (এফআইআর নম্বর ৩৮/৬/২০২৬) গত ২ আগস্ট শুভ ও তাঁর ছোট ভাই শিমুলকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। প্রায় এক মাস কারাভোগের পর তাঁরা জামিনে মুক্তি পান। তাঁদের বাবা জাকির শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দেন বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। জামিনে মুক্তির পর শুভ ও শিমুলের কর্মকাণ্ড নিয়ে এলাকায় নতুন করে অভিযোগ উঠেছে।
এ ছাড়াও অভিযোগ রয়েছে সম্প্রতি শিয়াচর এলাকার কাউসারের গ্যারেজের পেছনে বিভিন্ন সময়ে গভীর রাত পর্যন্ত কয়েকজন রাজনৈতিক কর্মী ও স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হতে দেখা গেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভ ও শিমুল দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাঁরা এলাকায় ফিরে পুরোনো সহযোগীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং সংঘাতের আশঙ্কা দেখা দিতে পারে।
আপনার মন্তব্য প্রদান করুন...