বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জে ভূমি ব্যবস্থাপনা সেবাকে আধুনিক ও সহজলভ্য করতে “ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প” শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং UNDP Bangladesh এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।

জানা যায়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ইউনিয়ন ভূমি অফিসসমূহে হোল্ডিং মালিকদের তথ্য হালনাগাদ ও অনলাইন প্রোফাইল তৈরির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে ইউএনডিপি নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা উপস্থিত থেকে সেবা প্রদান করবেন।

এ কার্যক্রমের মাধ্যমে হোল্ডিং মালিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর হালনাগাদ করা হবে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল তৈরি করা হবে, যা ভবিষ্যতে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকে আরও সহজ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকল হোল্ডিং মালিককে নির্ধারিত সময়ের মধ্যে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি (পর্চা) এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, “ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে জনগণ ঘরে বসেই ভবিষ্যতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..