মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার সরকারি অনুমোদন ও বিএসটিআই এর লাইসেন্স অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, তারাব বাজারের ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম ও রূপসী সুইসগেট এলাকার ব্যবসায়ী আব্দুল বাতেন দেওয়ানসহ দু’ব্যক্তির প্রতিষ্ঠান কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং করে বাজারজাত করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে জহিরুল ইসলাম ও বাতেন দেওয়ানসহ সংশ্লিষ্ট মালিকপক্ষকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং অপরটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে এবং খাদ্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীনভাবে যাহারা ভোজ্যতেল উৎপাদন ও বিপণন করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...