সুনামগঞ্জ: কৃষকদল কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো.আনিসুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। আর গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি আরো উল্লেখ করেন বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। কৃষক ও কৃষির স্বার্থে হাওর মন্ত্রণালয় গঠনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনভর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকা বাগলী বাজার ও উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও নারীদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে ধানের শীষের জন্য ভোট চেয়ে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।
বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে। তাই নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। হাওরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা হাওরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন নিয়ে কার্যকরী কোনো উদ্যোগ নেই।
আপনার মন্তব্য প্রদান করুন...