সাইফুর রহমান সজল, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সিনিয়র সাংবাদিক এসএম শাহীনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার সকালে বন্দর প্রেসক্লাবের সামনের রাস্তায় সম্মিলিত সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সাংবাদিক আতাউর রহমান’র সভাপতিত্বে ও জি.কে. রাসেল’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, অর্থ সম্পাদক লতিফ রানা, নূর এ আজাদ, আরিফুল ইসলাম, আবুল বাশার সাইফুল, মমতাজ মম, শরীফূল ইসলাম উজ্জল সরকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এ ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরায় যদি সাংবাদিকদের ওপর এভাবে কাপুরুষোচিত হামলা চালানো হয়, তবে সমাজে সত্যের কণ্ঠরোধ হবে। প্রশাসনকে অবিলম্বে এই চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করতে হবে। নয়তো অন্য মাদক কারবারিরা মাদক বিক্রি এবং দেশ ধ্বংসের জন্য আরো সাহস পেয়ে যাবে। আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। মাদকের বিরুদ্ধে কলম চলবে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং কার্যালয় ভাঙচুর চালানো স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। বন্দর এলাকায় ইদানীং মাদক কারবারিদের তৎপরতা আশঙ্কাজনক ভাবে বেড়েছে। তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। গত কয়েকদিন আগে এক সংবাদকর্মীর কার্যালয়ে যেভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় থানায় ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম এমপি’র রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পরও মাদক কারবারিরা থামছেনা, তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার সাংবাদিকদের কার্যালয়ে হামলা করে সাংবাদিকদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা এ ঘটনার দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
আপনার মন্তব্য প্রদান করুন...