ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে জমি ও বসতঘর বিক্রির পর ক্রেতাকে দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় প্রাণনাশ ও লাশ গুমের হুমকির অভিযোগ এনে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জিয়াসমিন বেগম (৪৫) নামে এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর সরদার বাড়ি এলাকার বাসিন্দা জিয়াসমিন বেগমের স্বামী মো. আসলাম। একই বাড়ির পাশাপাশি বসবাস করেন তাঁর আপন ছোট ভাই মো. আরমান মিয়া (৩৫), আরমানের স্ত্রী শিরিনা বেগম (৩০) ও মেয়ে সানজিদা আক্তার (২০)।
জিয়াসমিন বেগমের দাবি, তাঁদের শ্বশুর মৃত আব্দুল সাত্তার জীবিত থাকাকালে দাগ নম্বর ৫৩৩, আরএস ১৫৭৫-এর মোট ২ শতাংশ ২৫ পয়েন্ট জমির মধ্যে ৫০ পয়েন্ট জমি তাঁর স্বামীর কাছে বিক্রি করেছিলেন। তবে রেজিস্ট্রি দলিল সম্পন্ন করার আগেই তিনি মারা যান। পরবর্তীতে আরমান মিয়ার মালিকানাধীন পৈতৃক সম্পত্তি ও বসতঘরসহ যাবতীয় মালামাল বাবদ ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁর স্বামী ক্রয় করেন। চুক্তি অনুযায়ী ১৫ দিনের মধ্যে জমির দখল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ক্রয়কৃত জমির দখল বুঝিয়ে দেওয়ার কথা বললে আরমান মিয়া বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। এ নিয়ে কথা বলতে গেলে তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের গালিগালাজ ও অসদাচরণের শিকার হতে হয়।
ঘটনার ধারাবাহিকতায় গত ১৯ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বন্দরের রামনগর এলাকার মহসিনের গ্যারেজের সামনে আরমান মিয়াকে পেয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার কথা বলেন আসলাম। এ সময় আরমান মিয়া তাঁর স্ত্রী ও মেয়ের প্ররোচনায় আসলামকে গালিগালাজ করেন এবং মারধরের জন্য উদ্যত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ৭ নভেম্বর ২০২৬ ইং তারিখে পুনরায় জমির দখল চাইতে গেলে আরমান মিয়া তা দিতে অস্বীকার করেন। একই সঙ্গে আসলাম ও তাঁর পরিবারের সদস্যদের সুযোগমতো খুন-জখম করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন জিয়াসমিন বেগম।
জিয়াসমিন বেগম জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে বিবাদীদের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁদের জানমালের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
আপনার মন্তব্য প্রদান করুন...