মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন সংলগ্ন পাটলাই নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৯ মে শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্ৰাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার বালিঘাটা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. হাবলু মিয়ার সঙ্গে নয়াবন্দ গ্রামের নাসির মিয়ার মেয়ে রিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিলো।
দুপুরে খাওয়ারের আপ্যায়নের পর নয়াবন্দ গ্রাম থেকে ২০/২৫ জন বরযাত্রী কনে নিয়ে নৌকায় উঠতেই নড়েচড়ে বসে নৌকা। বরযাত্রীসহ নৌকায় অতিরিক্ত মানুষ উঠায় তাড়াহুড়ো শুরু করলে এক পর্যায়ে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকাটি হেলেদুলে পানিতে ডুবে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও ঐ সময় বালিঘাটা গ্ৰামের তৌহিদ নুর শাহর ছেলে ওবায়দুল শাহ (৫) নামের শিশুটি পানিতে ডুবে যায়।
এরপর সাথে সাথে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. খসরুল আলম উপস্থিত থেকে পাটলাই নদীতে দুপুর থেকে রাত পর্যন্ত নিজ অর্থায়নে স্থানীয় জেলেদের মাধ্যমে কোনাজাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশু ওবায়দুল শাহ লাশ উদ্ধার হয়নি।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলী হায়দার বলেন, নৌকা ডুবির ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে আমি গিয়েছি। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও নিখোঁজ থাকা শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন।
তাহিরপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য জেলা সদর (সুনামগঞ্জ) থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুতই উদ্ধারকাজে অংশ নেবে।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকাসহ বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত বর হাবলু মিয়া বলেন, কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি।
আপনার মন্তব্য প্রদান করুন...