জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রয়াত বাবার স্মৃতিকে ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে ৬৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছেন তার ছেলে সাইফুল ইসলাম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ছোট দলুয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাইফুল প্রযুক্তি নার্সারির উদ্যোগে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নার্সারিটির প্রতিষ্ঠাতা মরহুম হোসেন আলীর স্মরণে তার ছেলে এ উদ্যোগ নেন।
ছোট দলুয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা পারভীন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মিজানুর রহমান মিজান,
এ সময় স্কুল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্পৃক্ত করা প্রয়োজন। ব্যক্তিগত উদ্যোগে এমন কার্যক্রম সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।
সাইফুল ইসলাম বলেন, আমার বাবাও প্রতিবছর গাছের চারা বিতরণ করতেন মানুষের মাঝে, বাবা মারা যাওয়ার পর থেকে আমি প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা দিয়ে আসছি, আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করবো এ কার্যক্রম অব্যাহত রাখার।
আপনার মন্তব্য প্রদান করুন...