রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি ইউনিয়নে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচালিত হচ্ছে একটি বিশেষায়িত প্রতিবন্ধী বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে ২৩৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
এসকল শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের বেতন নেওয়া হয় না। পাশাপাশি তাদের বিনামূল্যে পোশাক, বই ও স্কুলব্যাগ দেওয়া হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়ার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থাও রয়েছে। এসব সেবার কারণে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে বিদ্যালয়টি আশার আলো হয়ে উঠেছে।
বিদ্যালয়ে ৭ জন শিক্ষক পাঠদান ও সার্বিক দেখাশোনার দায়িত্ব পালন করছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বিদ্যালয়টির নিজস্ব কোন আয়ের উৎস নেই। ফলে শিক্ষক-কর্মচারীদের ব্যয়, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পোশাক, বই-ব্যাগ, পরিবহনসহ বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে কর্তৃপক্ষকে চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জানান, প্রতিবন্ধী শিশুরা সমাজেরই অংশ। তাদের শিক্ষার সুযোগ করে দেওয়া এবং স্বাভাবিক জীবনের পথে এগিয়ে নিতে সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে হলেও দেশের বড় বড় দাতা সংস্থা, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতায় একজন প্রতিবন্ধী শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সহায়তার পাশাপাশি দেশ-বিদেশের দাতা সংস্থা ও সমাজের হৃদয়বান মানুষগুলো এগিয়ে এলে বিদ্যালয়টির কার্যক্রম আরো গতিশীল হবে এবং শত শত প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
সকলের মানবিক সহযোগিতাই পারে এই বিশেষ শিশুদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।
আপনার মন্তব্য প্রদান করুন...